দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অভিযোজন খাতে ২০৩৫ সালের আগেই বার্ষিক অর্থায়ন তিন গুণ বাড়িয়ে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু অর্থায়ন সহজলভ্য ও অনুদানভিত্তিক করা, ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে অর্থ বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছে ঢাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর পঞ্চম দিনের আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটের জন্য যেসব দেশের দায় সবচেয়ে কম, তারাই এর অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, নদীভাঙন ও তাপপ্রবাহ বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা এবং উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। অথচ প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের বড় অংশই ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাচ্ছে না।
তিনি জানান, স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোট ২০৩৫ সালের আগে অভিযোজন খাতে বার্ষিক অর্থায়ন তিন গুণ বাড়িয়ে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ পুনর্ভরণ, নতুন অর্থ সংগ্রহ এবং আন্তর্জাতিক তহবিল থেকে সহজে অর্থ পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের জলবায়ু হালনাগাদ তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও দেশটি উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপ নিচ্ছে।
দেশের এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক উন্নয়ন পরিস্থিতির তুলনায় নিঃশর্তভাবে ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা পাওয়া সাপেক্ষে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়নের একটি ইতিবাচক অগ্রগতির কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) অ্যারাইজ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ পাঁচটি দেশ প্রত্যেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার করে সহায়তা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছে। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষির প্রসারে ব্যবহার করা হবে।
মন্ত্রী ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে অর্থ বাড়ানো, সরাসরি অর্থায়ন সহজ করা এবং দ্রুত অর্থ ছাড়ের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রম জোরদার, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
কপ-৩১-এর পঞ্চম দিনে জলবায়ু অর্থায়ন, স্থানীয় পর্যায়ের উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর ও জ্বালানি রূপান্তর নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল জলবায়ু অর্থায়নবিষয়ক সপ্তম দ্বিবার্ষিক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের সংলাপ। এতে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন ও প্রশমন খাতে অর্থের ভারসাম্য এবং সহজে অর্থ ছাড়ের বিষয়গুলো গুরুত্ব পায়।
সংলাপে ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য এবং সামগ্রিকভাবে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার সংগ্রহের বৃহত্তর লক্ষ্যের বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। ২০২৪ সালে জলবায়ু অর্থায়ন সংগ্রহের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার ছিল বলে উল্লেখ করা হয়।
এদিকে, সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়নে পরিবেশবান্ধব পাটপণ্য প্রদর্শন করা হচ্ছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। এতে পাটপণ্যের বহুমুখী ব্যবহার, রপ্তানি ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান প্যাভিলিয়নটি পরিদর্শন করেন। সেখানে তাঁকে পাটের তৈরি ১২৯ ধরনের পরিবেশবান্ধব পণ্য দেখানো হয়।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, কপ-৩১-এর সাফল্য শুধু সিদ্ধান্তের দৈর্ঘ্য দিয়ে পরিমাপ করা যাবে না। বরং প্রতিশ্রুত সহায়তা জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, তাদের জীবিকা সুরক্ষিত হচ্ছে কি না এবং ন্যায়সংগত ও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ার পথ তৈরি হচ্ছে কি না, সেটিই হবে সাফল্যের মাপকাঠি।
যে আই